আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালের ছাদ থেকে ‘জয়শ্রীরাম’ বলে রোগীর মরণ ঝাঁপ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঝাঁপ দিয়ে প্রথমে বৈদ্যুতিন তারে জড়িয়ে যায় রোগীর শরীর, তারপর মাটিতে পড়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় ওই রোগীকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রোগীর বয়স প্রায় ৫০ বছর। কয়েকদিন আগে অসুস্থতার কারণে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক্সট্রা ১২ নম্বর বেডে তাঁর চিকিৎসা চলছিল। যদিও রোগীর পরিবারের লোক বা তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। 

এখন প্রশ্ন হল যে, হাসপাতালের নিরাপত্তা এড়িয়ে কীভাবে ওই রোগী ছাদে উঠে ঝাঁপ দিলেন তা নিয়ে। ঝাঁপ দেওয়ার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে রক্তাক্ত রোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেই সময়ও হাসপাতালের নিরাপত্তাকর্মী বা কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ছুটিতে রয়েছেন বলে জানা যায়। হাসপাতালের অন্য কর্তৃপক্ষও এই বিষয়ে মুখ খুলতে চাননি। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছে।