আজকাল ওয়েবডেস্ক: চার মাসেরও বেশি সময় ধরে মেয়ে নিখোঁজ। তাঁর খোঁজে এবার বীরভূম থেকে নদিয়ার মায়াপুরে ছুটে এলেন এক অসহায় পিতা। তিনি বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অর্ধেন্দু সিংহ। মেয়ের ছবি-সহ একটি প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মায়াপুরের বিভিন্ন রাস্তা ও মন্দির চত্বরে ঘুরে বেড়িয়ে মানুষের কাছে তথ্য জানতে চান তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকেও কোনও সন্ধান মেলেনি। 

অর্ধেন্দু জানান, তাঁর মেয়ে অমৃতা সিংহ ধর্মীয় বিষয়ে যথেষ্ট আগ্রহী ছিলেন। সেই কারণেই তাঁর ধারণা হয়, বিভিন্ন মন্দির এলাকায় খোঁজ করলে হয়তো মেয়ের সম্পর্কে কোনও সূত্র মিলতে পারে। সেই আশাতেই তিনি মায়াপুরে আসেন এবং ইসকন মায়াপুর মন্দির-সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্ল্যাকার্ডে থাকা মেয়ের ছবি দেখিয়ে কেউ কোনও তথ্য জানেন কি না তা জানতে চেষ্টা করেন। 

জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন ২৪ বছর বয়সী অমৃতা। মেয়ে নিখোঁজ হওয়ার পরেই অর্ধেন্দু সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পাশাপাশি সিআইডি-রও সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মেয়ের কোনও সন্ধান মেলেনি। প্রশাসনের তদন্ত চললেও আশানুরূপ ফল না পাওয়ায় নিজেই পথে নেমেছেন অর্ধেন্দু। তিনি বিভিন্ন জেলায় ঘুরে মন্দিরে মন্দিরে মানুষের কাছে মেয়ের খোঁজ করছেন। মায়াপুরেও তিনি দু’দিন ছিলেন এবং যত বেশি সম্ভব মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ইসকনেও গিয়ে মেয়ের ছবি দেখিয়ে তথ্য জানতে চান। তবে কেউই তাঁর হাতে কোনও নির্ভরযোগ্য তথ্য তুলে দিতে পারেননি। 

মেয়ের খোঁজ না মেলায় দিন দিন বাড়ছে পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা। তবুও আশা ছাড়ছেন না অর্ধেন্দু। তাঁর বিশ্বাস, কোনও না কোনও দিন নিশ্চয়ই মেয়ের সন্ধান মিলবে। সেই আশাতেই তিনি এখনও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে চলেছেন।