আজকাল ওয়েবডেস্ক: আকারে নয়। স্বাদ এবং গন্ধে টেক্কা দিচ্ছে কালিম্পং জেলার চুইখিম এলাকার প্রেমলিং–এর কমলালেবু। ইতিমধ্যেই এর মিষ্টি স্বাদে মজেছেন কমলাপ্রেমীরা। যার জন্য বাড়ছে চাহিদা। পাওয়া যাচ্ছে ডুয়ার্সের বিভিন্ন বাজারে। দামও নাগালের মধ্যেই। 

শীত পড়লেই যেসব জিনিস প্রথমেই মাথায় আসে তার মধ্যে একটি হল কমলালেবু। দুপুরে খাওয়ার পর আলসে রোদ পিঠে নিয়ে কমলালেবুর কোয়া মুখের স্বাদ পাল্টে দেয় পুরোপুরি। ফলে নভেম্বরের শেষদিকে বাজার ছেয়ে ফেলে কমলালেবু। দাম প্রথমদিকে বেশি থাকলেও শীত যত পড়তে থাকে ততই বাজারে বাড়তে থাকে কমলালেবুর যোগান। আগের তুলনায় কমতে থাকে দাম। যদিও অধিকাংশের খোঁজই থাকে দার্জিলিং–এর কমলার। দামও বেশি হয় অন্য কমলালেবুর তুলনায়। সেই হিসেবেই চুইখিমের কমলা দামে কম এবং এর স্বাদও মিষ্টি। 

উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এর মধ্যেই জায়গা করে নিয়েছে এই কমলালেবু। জলপাইগুড়ির মালবাজার, বাগ্রাকোট, ওদলাবাড়ি, মেটেলি, গরুবাথান বাজারে মিলছে এই কমলা। বর্তমানে একটি বড় আকারের এই কমলার দাম সর্বোচ্চ ২০ টাকা। ছোট কমলালেবু পাওয়া যাচ্ছে ৫ থেকে ১০ টাকার মধ্যে। কেজি হিসেবে কিনলে স্বাদ ও আকার হিসেবে দাম পড়ছে ১৩০ টাকা থেকে ১৭০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এই কমলালেবুর চাহিদা ভালই আছে। ক্রেতারা সাদরে গ্রহণ করছেন এই লেবু। পাশাপাশি ক্রেতাদের কথায়, আকারে ছোট হলেও এর মিষ্টতা যথেষ্টই বেশি।