আজকাল ওয়েবডেস্ক: মোথাবাড়ি মামলায় মঙ্গলবার চার্জশিট জমা দিল এনআইএ। এই চার্জশিটে ৩১ জনের নাম রয়েছে বলেই এনআইএ সূত্রে খবর। এনআইএ সূত্রে আরও খবর, মোথাবাড়ি কাণ্ডে এনআইএ যে ১২টি এফআইআর করেছিল তার মধ্যে চারটি এফআইআর সংক্রান্ত তদন্তের রিপোর্টের চার্জশিট জমা করেছে আদালতে, যেখানে এই ঘটনায় ৩১ জন অভিযুক্তদের নাম রয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মোথাবাড়ি কাণ্ডে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২ মাসের মধ্যে এই তদন্ত শেষ করে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে হবে আগেই জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। আর এরপর আইন নিজের মতো চলবে বলে জানায় দেশের সর্বোচ্চ আদালত।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত এপ্রিলে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রেখেছিল উত্তেজিত জনতা। যা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেই সময়েই তদন্তভার গ্রহণ করে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার সেই সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট।















