বিউ সরকার
রাজ্যের স্কুলশিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছেন আলিপুরদুয়ারের ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। বৃহস্পতিবার তিনি দায়িত্বভার নেওয়ার জন্য দপ্তরে আসেন। দপ্তরে আসার পরেই শিক্ষা মন্ত্রী দীপক বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই পশ্চিমবঙ্গের মানুষ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। মন্ত্রী জানান, মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসাটাই এই মুহূর্তে সবথেকে কঠিন কাজ। মানুষ বিশ্বাস করতে ভুলে গিয়েছে যে পড়াশোনা করলে চাকরি হয়।
উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে যেভাবে দুর্নীতি হয়েছে, ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারিয়েছে। সেই আবহে ছাত্রছাত্রীরা মানতেই চাইছেন না য়ে, পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায়। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দীপক। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সহজ দপ্তর আমাকে দেওয়া হয়েছে। আর কিছু চাইলেও এর থেকে নীচে এই দপ্তরকে নামানো যাবে না। এই দপ্তরকে যেভাবে আগের সরকার নীচে নামিয়েছে তাই মনে হয় এর থেকে নীচে আর নামাতে পারবে না সেই জন্য আমার সহজ কাজ। মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসাটাই সবথেকে এই মুহূর্তে কঠিন কাজ।”
পাশাপাশি তিনি বলেন, “প্রথম যেদিকে নজর দেওয়া দরকার ছাত্র ও শিক্ষকদের এক ছাতার তলায় নিয়ে আসতে হবে। এটাই প্রথম কাজ। কিন্তু এটা ভাবলে হবে না যে আগামীকাল পশ্চিমবঙ্গে সবকিছু ভাল হয়ে যাবে। এত বড় ক্ষমতা আমার কাছে নেই। আপনারা সময় দিন নিশ্চিতভাবে ঠিক হবে। এটা একটা লম্বা প্রক্রিয়া আছে।” তিনি আরও বলেন, “এসএসসি এতগুলি মামলা রয়েছে তাই এখনই এই মুহূর্তে কিছু বলব না। নিশ্চিতভাবে নিয়োগ করা হবে।”
অষ্টম শ্রেণীর ইতিহাসের সিলেবাসের বর্তমানে সিঙ্গুর আন্দোলন রয়েছে পরিবর্তন করা হবে কিনা নতুন মন্ত্রী কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে জানিয়েছেন, “সিলেবাস বদল থেকে শিক্ষার প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ভাবব, কিন্তু এই মুহূর্তে কোন বিষয় নিয়ে ভাবছি না কিন্তু সমস্ত দিকেই নজর রয়েছে।”















