আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবারের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশালীন বার্তা পাঠানো এবং ক্যাম্পাসের ভিতরে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন ফিজিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক রবিকান্ত বালা। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ ঘিরে তৈরি হয় উত্তেজনা।


অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই অধ্যাপক এক ছাত্রীকে রাতে ‘দুষ্টু’ ও অশালীন মেসেজ পাঠিয়ে উত্যক্ত করছিলেন। শুধু মেসেজেই থেমে থাকেননি, দু’দিন আগে কলেজ ক্যাম্পাসের ভিতরেই তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেন বলে অভিযোগ। মানসিক চাপে পড়ে অবশেষে ওই ছাত্রী পুলিশের দ্বারস্থ হন।


মঙ্গলবার ছাত্রী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশবাহিনী সরিষার চেওড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়। পরিস্থিতি তখন উত্তপ্ত।

 অভিযুক্ত অধ্যাপকের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসের ভিতরেই বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা।
পড়ুয়াদের একাংশের দাবি, শিক্ষাঙ্গনে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শিক্ষক-ছাত্রীর সম্পর্কের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও ওঠে। পুলিশ আধিকারিকরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।


ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী অধ্যাপককে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে উত্যক্ত করা এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। বুধবার তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে।

&t=1s


ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।