আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার গুরুতর অভিযোগে অভিযুক্ত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডলকে রবিবার রাতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করল পুলিশ। বকখালির ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকায় এক গোপন অভিযানে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF), ডায়মন্ড হারবার পুলিশ এবং জেলা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা যৌথভাবে অর্ঘ্যকে বাগে আনে। কেবল অর্ঘ্যই নয়, ওই গোপন আস্তানা থেকে দিলীপ মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হাসান গাজী-সহ আরও চার জনকেও পাকড়াও করেছে পুলিশ। ধৃত এই পাঁচ জনকেই সোমবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিষ্ণুপুরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে বিশাল পুলিশবাহিনী ও জেলা তদন্তকারীরা যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। তবে পুলিশ বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তেই সুচতুরভাবে পিছনের ভাঙা পাঁচিল টপকে গা-ঢাকা দেন অভিযুক্ত বিধায়ক দিলীপ মণ্ডল। বাবার এই নাটকীয় পলায়নের পর থেকেই তাঁর ছেলে অর্ঘ্য মণ্ডলেরও কোনও  হদিশ মিলছিল না। পুলিশ সূত্রে খবর, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ও গোপন সূত্রে খবর পেয়েই রবিবার রাতে বকখালিতে হানা দেয় পুলিশ এবং অস্ত্র-সহ বিধায়কপুত্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পলাতক তৃণমূল বিধায়কের সন্ধানে পুলিশ জেলাজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে।