আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে তিন আইপিএস আধিকারিকের সাসপেনশনের পর রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে, শুক্রবার রাতে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শনিবার বর্ধমান শহরের কালনাগেট চত্বরে বিজেপি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে সরব হন তিনি।
অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অন্যায় যারা করেছে তারা কেউ ছাড় পাবে না। তদন্তে যা সামনে আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এমনকী তিনি দাবি করেন, প্রয়োজনে গ্রেপ্তারিও হতে পারে। তিনি আরও বলেন, ‘যারা প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, যারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে।’
এদিন রাজ্যের অবৈধ মাদ্রাসা নিয়েও কড়া অবস্থান নেন ক্ষুদিরাম টুডু। তাঁর হুঁশিয়ারি, ‘সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আবার খোলার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে।’
পাশাপাশি বেআইনি নির্মাণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। চার্চের জমি উদ্ধারের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ‘২০২১ সালের পোস্ট পোল ভায়োলেন্স কি তারা ভুলে গিয়েছে? বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে। ৩১১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। এগুলো লোক দেখানো, বিজেপির কাছে এসব চলবে না।’
সরকারি জমি দখল নিয়েও কড়া বার্তা দেন মন্ত্রী। তিনি বলেন, ‘যারা সরকারি জমি দখল করে রয়েছে, সব খালি করানো হবে। প্রয়োজনে বুলডোজার চালানো হবে।’
এছাড়াও ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া এসসি ও এসটি সার্টিফিকেট নিয়েও তদন্তের কথা জানান তিনি। ক্ষুদিরাম টুডুর দাবি, ‘ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা সরকারি দপ্তরে চাকরি করছেন বা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে সিআইডি তদন্তও করা হবে।’
নিজের দপ্তরের কাজ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘যে দপ্তরগুলির দায়িত্ব পেয়েছি, সেগুলো ঘুঘুর বাসা হয়ে রয়েছে। সব পরিষ্কার করে দেওয়া হবে।’
রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের মডেলে প্রশাসন চালানোর কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘গুজরাট ও উত্তরপ্রদেশ মডেলে পশ্চিমবঙ্গে সরকার চালানো হবে। যেখানে যেখানে দুর্নীতি রয়েছে, সব পরিষ্কার করতে হবে।’















