আজকাল ওয়েবডেস্ক: ছাদে কাপড় মেলাকে কেন্দ্র করে দুই জায়ের মধ্যে তুমুল বিবাদ। সেই বিবাদের জেরেই ভয়ঙ্কর পরিণতি। পরিবারের মধ্যে হঠাৎ ভাঙন। তছনছ হয়ে গেল একজনের সংসার। দুই জায়ের ঝামেলার জেরেই ভাইকে খুন করলেন দাদা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন হলেন ভাই। বাঁশ ও লোহার রড দিয়ে ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নিমেষেই মৃত্যু হয়েছে ভাইয়ের। 

ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের নানারাহী এলাকায়। মৃতের নাম নুরুল ইসলাম (৩৬)। তাঁর বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার নানারাহী এলাকায়। 

মৃতের পরিবারের অভিযোগ, কাপড় মেলা নিয়ে দুই জায়ের মধ্যে বিবাদ চলছিল। বিবাদ থামাতে গিয়ে দাদা হেফজুর রহমানের হাতে খুন হন ভাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত দাদা এই ঘটনার পর থেকেই পলাতক। 

প্রসঙ্গত, গত মে মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। রাগারাগি, অশান্তি নিত্যদিনের সঙ্গী। এবার স্ত্রীর রাগ ভাঙাতে গিয়েই বিপত্তি ঘটল। শ্বশুরবাড়িতে স্ত্রীর রাগ ভাঙাতে গিয়েছিলেন স্বামী। তুমুল অশান্তির মাঝেই হঠাৎ স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। 

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বালুচর গ্রামে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির নাম, আব্দুল রহমান (৩৮)। বালুচর গ্রামের বাসিন্দা তিনি। রাগের মাথায় ধারালো অস্ত্রের কোপে আব্দুলের গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছিল স্ত্রীর বিরুদ্ধে। আব্দুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। 

জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায় নিত্যদিন আব্দুলের ঝামেলা হত। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই দু'জনের মধ্যে তুমুল অশান্তি হয়। এরপর রাগ করে স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলেন। রাগ কমলেই স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়েছিলেন আব্দুল। সেখানে গিয়েই ঘটে বিপত্তি। 

শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে আবারও ঝগড়া, ঝামেলা হয় আব্দুলের। সূত্রের খবর, সেই অশান্তির সময়েই ধারালো অস্ত্র দিয়ে আব্দুলের গোপনাঙ্গে কোপ বসান স্ত্রী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে বাড়ির সদস্যরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁকে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।