আজকাল ওয়েবডেস্ক: চোরসন্দেহে আবারও বেধড়ক মারধরের অভিযোগ। এবার আসানসোলের কুলটিতে। মারধরের অভিযোগ উঠেছে সিআইএসএফের বিরুদ্ধে। রাতভর মারধরের জেরে প্রাণ হারিয়েছেন এক যুবক। আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে সিআইএসএফের হাতে ধরা পড়েন দুই যুবক। তাদের হাতেই বেধড়ক মার খায় দুই যুবক। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বাইরে ফেলে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সোমবার সকালে দুজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জখম দুজনের মধ্যে একজন বিকি রবিদাসের পরিবারের দাবি, বিকি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। একজন এখনও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ রয়েছে।
