আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ফের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার কালীঘাটে জেলার নেতাদের নিয়ে বৈঠক করতে পারেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই, দলের জেলা সভাপতি বা বিশেষ পদে থাকা নেতাদের কাছে বার্তা পৌঁছেছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দলীয় সূত্রে খবর, নির্বাচনের পর জেলায় জেলায় কীভাবে ফের সংগঠনকে শক্তিশালী করা যায় তা নিয়ে জেলার নেতাদের বিশেষ বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী।

প্রসঙ্গত, রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের পরেই নতুন বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, 'ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে তাদেরকে এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন। যৌথ মঞ্চ তৈরি হবে। আমার ইগো নেই। বিজেপিকে রুখতে হলে বামেদেরও ডাক দিচ্ছি। বাংলাতেও জোট বাঁধি। যদি কেউ কথা বলতে চান তাহলে কথা বলতে পারেন। এখন প্রথম রাজনৈতিক শত্রু বিজেপি। বাংলার মানুষের ওপর অত্যাচার চলছে। সমস্ত বিজেপির বিরুদ্ধে থাকা রাজনৈতিক দলকে একসঙ্গে আসার আহ্বান করছি। যারা যেতে চায় তারা চলে যাক। যারা থাকতে চায় তারা থাকুন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নীতির লড়াই শুরু হল। ভোটে কী হয়েছে সকলেই জানেন। মানুষের মঙ্গল হোক। যারা ইচ্ছা হবে তারা একত্রিত হবে। রাস্তাই রাস্তা দেখাবে। বাংলায় যে সন্ত্রাস চলছে তার নিন্দা করছি। বিজেপি এখন তাণ্ডব করছে। অনেক বেনোজল ঢুকেছে। পুলিশ নিশ্চুপ। ২০১১ সালের পর কোনও অত্যাচার করতে দিইনি। যেদিন থেকে জিতেছে সেদিন রাত থেকেই সমস্ত নিরাপত্তা তুলে দিয়েছে। ইন্টারনেটও তুলে নিয়েছে। আমাদের হারানো হয়েছে প্রমাণ হবে। দিল্লির নেতারা যোগাযোগ করেছেন। কেউ বাকি নেই। সংখ্যায় হয়তো বেশি নেই কিন্তু লড়াই করতে হবে। এই লড়াই চলবে। কর্মীদের ওপর সন্ত্রাস চলছে।’

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও বড় ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনও ত্রুটি বা খামতি না থাকে। সোমবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে বৈঠকের পর কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার বিকেলে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, নবান্নে প্রথমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এই বৈঠকে কলকাতা পুলিশের আধিকারিকদের তিনি জরুরি নির্দেশ দিয়ে বলেন, "মমতা ব্যানার্জি বর্ষীয়ান রাজনীতিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা ব্যবস্থায় যেন খামতি না থাকে।"