মিল্টন সেন, হুগলি: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার হেঁশেলে। রাজ্যে নানা জেলার মন্দিরে ভোগের প্রসাদ বিলি করা বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও মিড-ডে মিলে গ্যাসের অভাবে রান্না করতে সমস্যা হচ্ছে। একই সমস্যা দেখা দিয়েছে বাঁশবেড়িয়া পুরসভা এলাকাতেও। রান্নার গ্যাসে অমিলের কারণে পুরসভা এলাকায় বন্ধ করে দেওয়া হল মা ক্যান্টিন। নোটিশ ঝুলিয়ে দেওয়া হল ক্যান্টিন বন্ধ থাকার। প্রত্যেক দিন বাঁশবেড়িয়া পুরসভা পরিচালিত দু’টি মা ক্যান্টিনে প্রায় ৭০০ মানুষ মাত্র ৫ টাকায় ডিম ভাত পেতেন।
ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে শুক্রবার রান্না হয়েছে। তবে, শনিবার কী হবে তা বলা মুশকিল। আজ সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে।
খাবার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, “ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে বা শুকনো খাবার, মুড়ি বা চিঁড়ে খেতে হবে।”

চেয়ারম্যান তাপস মুখার্জি বলেছেন, “কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুঘলকি নির্দেশে ব্যবস্থা ভেঙে পড়েছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে গ্যাস পাওয়া যায় এবং মানুষ যাতে কোনো সমস্যায় না পড়ে। ক্যান্টিনগুলি খোলা রাখার চেষ্টা চলছে। গ্যাস ছাড়া আর কোনও খাদ্যের অভাব নেই।”
