আজকাল ওয়েবডেস্ক: ধর্মতলায় তৃণমূল নেত্রীর ধর্নামঞ্চে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। ধর্নামঞ্চে মঙ্গলবার বক্তৃতাও দেন কুণাল। তারপরেই গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। ঘটনাস্থলে এসে পৌঁছয় অ্যাম্বুলেন্স। কিন্তু তাতে উঠতে রাজি হননি কুণাল। এরপর নিজের গাড়িতেই বাড়ির দিকে রওনা দেন তিনি। তবে, কুণাল অসুস্থ হওয়ার পরই দেখা যায়, মমতা তাঁকে গরমের হাত থেকে বাঁচাতে রীতিমতো হাওয়া করছেন। সূত্রের খবর, আকস্মিক অসুস্থ হয়ে পড়লেও তাঁর অবস্থা স্থিতিশীল।
এদিকে, তৃণমূলের তরী যে ডুবতে চলেছে, তা টের পেয়েই আজ মঙ্গলবার নয়া চিঠি হাতে বিধানসভায় হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং অসীমা পাত্র। উদ্দেশ্য ছিল, স্পিকার রথীন বোসের অনুপস্থিতিতে সেই চিঠি তাঁর সচিবের কাছে জমা দিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কুণাল ঘোষের অভিযোগ, স্পিকারের সচিব নাকি সেই চিঠি গ্রহণই করেননি।
মঙ্গলবার দুপুরে বিধানসভায় যান কুণাল, অসীমারা। স্পিকারের উদ্দেশে লেখা একটি চিঠি ছিল তাঁদের। এদিন কুণাল অভিযোগ করেন, যে চিঠি তাঁরা জমা দিতে গিয়েছিলেন, তা নিয়ে অস্বীকার করেছেন স্পিকারের সচিব। সরাসরি জানিয়ে দেওয়া হয়, আর কোনও চিঠি আর তিনি গ্রহণ করবেন না। এর আগে গতকাল সোমবার তৃণমূলের পক্ষ থেকে একটি চিঠি স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল। সেই চিঠিটি স্পিকারের সচিব গ্রহণ করেন। এই চিঠি রিসিভ করার পরেই স্পিকারের সচিবকে নির্দেশ দেওয়া হয়, বিরোধী দলের কাছে থেকে কোনও চিঠি নিতে গ্রহণ করতে পারবেন না। নির্দেশ অনুযায়ীই বিরোধী দলের চিঠি এদিন গ্রহণ করেননি সচিব।
কুণাল ঘোষ আরও অভিযোগ করেন, স্পিকার এবং বিধানসভার সচিবালয়ের থেকে স্পিকারের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি বিরোধীদের চিঠি গ্রহণ করবেন না। চিঠি গ্রহণ করতে অস্বীকার করায়, তাঁরা বাধ্য হয়ে স্পিকারের সচিবের চেয়ারে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে এসেছেন। এমনকী এই মুহূর্তটি ক্যামেরাবন্দিও করেছেন। রেগেমেগে কুণাল জানান, "স্পিকার নিজে দেখা করতে চান না, আবার চিঠিও দেওয়া যাবে না, সেটা হয় নাকি!" যদিও এ প্রসঙ্গে স্পিকার কোনও মন্তব্য করেননি। অন্যদিকে মন্ত্রী তাপস রায় জানান, "স্পিকার যদি কোনও নির্দেশ দিয়ে থাকেন, সেটা নিয়ে আলোচনা করা সমীচিন নয়।" সেখান থেকেই কুণাল পোঁছন মমতার ধর্না মঞ্চে। আর সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।















