আজকাল ওয়েবডেস্ক: ক্রমশই পাল্টে যাচ্ছে চারধারের পরিবেশ। জলবায়ুর এই পরিবর্তনের প্রভাবে তৈরি হচ্ছে একের পর এক সমস্যা।‌ বদলে যাওয়া এই পরিস্থিতির সঙ্গে কীভাবে মোকাবিলা সম্ভব? বিশেষত যেখানে সমস্যা একেবারেই দোরগোড়ায় সেখানে উদ্যোগটা নেওয়া শুরু করা উচিত একেবারে প্রথম থেকেই। বর্তমান প্রজন্মের হাত ধরে যা এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যত প্রজন্ম। এই উদ্যোগকেই সামনে রেখে 'স্কটিশ চার্চ কলেজ', 'টেরি স্কুল অফ অ্যাডভান্সড স্টাডিজ' এবং বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন 'শের'-এর উদ্যোগে আয়োজিত হল একটি কর্মশালা। যার পোশাকি নাম ছিল 'নোয়িং ক্লাইমেট চেঞ্জ'। গত ৩০ মার্চ আয়োজিত এই কর্মশালায় যোগ দিয়েছিল ২৮টি স্কুল থেকে একজন করে শিক্ষক এবং পড়ুয়া।

স্কুলগুলিকে এর সঙ্গে সংযুক্ত করার পিছনে উদ্দেশ্য ছিল যাতে কর্মশালা থেকে পাওয়া জ্ঞানের মাধ্যমে নিজের স্কুলেই তার যথাযথ প্রয়োগ ঘটানো। বেছে নেওয়া হবে এদের মধ্যে কোনটা ছিল সেরা উদ্যোগ এবং তাকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয়েছে এই সম্পর্কিত একটি বিশেষ পুস্তিকা। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় শংসাপত্র। 

বক্তা হিসেবে ছিলেন রাজ্যের বন বিভাগের প্রাক্তন কর্তা দেবল রায়, ডঃ রঞ্জনা রায় চৌধুরী, সাংবাদিক জয়ন্ত বসু, ডঃ অমিতাভ চৌধুরী এবং রাতুল ঘোষ। 

উদ্বোধনী পর্বে ছিলেন স্কটিশ চার্চ কলেজ-এর অধ্যক্ষা অধ্যাপক ডঃ মধুমঞ্জরি মণ্ডল, টেরি স্যাস-এর অধ্যাপক ডঃ রঞ্জনা রায় চৌধুরী এবং শের-এর পক্ষে জয়দীপ কুণ্ডু। সমাপনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অমিতা প্রসাদ‌।