আজকাল ওয়েবডেস্ক: চিকিৎসক, নার্স থেকে ওয়ার্ড বয়। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স–এ (কেআইএমএস) মিলছে চাকরির সুযোগ। এটি একটি বেসরকারি মেডিক্যাল কলেজ। যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এখানে। কৃষ্ণনগর সিটির ভাতজাংলার পালপাড়া মোড়ে এই বেসরকারি মেডিক্যাল কলেজ এবছর ন্যাশনাল মেডিক্যাল কমিশন–এর (NMC) অনুমোদন পেয়েছে।
কলেজের অধ্যক্ষ ডা: প্রণবকুমার ভট্টাচার্য বলেন, ‘একটি বেসরকারি হাসপাতাল হিসেবে প্রথমে এটি তৈরি হয়েছিল। ডা: দিলীপ চৌধুরী এবং আরও কয়েকজনের উদ্যোগে এর পত্তন হয়। ধাপে ধাপে এগিয়ে এসে ২০২৩ সালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এবং এবছর এনএমসি’র অনুমোদন পায়। অত্যাধুনিক মানের এই হাসপাতালে মোট ৪২৫টি শয্যা। মেডিক্যাল কলেজ হিসেবে এখানে এমবিবিএস–এর আসন সংখ্যা ১০০টি। ধাপে ধাপে ভর্তি চলছে।’ তিনি জানান, এবছর পশ্চিমবঙ্গ থেকে আরও আটটি প্রতিষ্ঠান এনএমসি’র অনুমোদনের জন্য আবেদন করলেও খতিয়ে দেখে একমাত্র কেআইএমএস–কে এনএমসি স্বীকৃতি দেয়। আগামী ছয় মাসের মধ্যে ২০ একর জমিতে প্রজেক্ট কলেজ হস্টেল ফ্যাকাল্টি কোয়ার্টার হবে। এবিষয়ে দ্রুতগতিতে কাজ চলছে বলে জানান তিনি।
ডাক্তারি শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স ৭০ বছর। চিকিৎসক ফ্যাকাল্টি (এনএমসি ২০২৩–এর নিয়ম মেনে)–সহ সিনিয়র রেসিডেন্ট টিউটর সকলের ক্ষেত্রেই থাকছে আকর্ষণীয় বেতন। বেতন কাঠামো নিয়ে বলতে গিয়ে অধ্যক্ষ জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ক্ষেত্রে বেতন সর্বনিম্ন মাসে ৭০,০০০ টাকা। চিকিৎসক বা অধ্যাপকদের ক্ষেত্রে বেতনের যে নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত করা হবে। নিয়োগের জন্য তিনজনের একটি বোর্ড গঠন করা হয়েছে বলে তিনি জানান। এছাড়াও থাকছে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা–সহ অন্যান্য সুযোগ।
















