আজকাল ওয়েবডেস্ক: কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মতো সেজে উঠেছে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তের সাহেবগঞ্জ। তারাপীঠের তারা পুজোর মতো এই বিশেষ তিথিতে আয়োজিত হয় ছিন্নমস্তা পুজো। স্থানীয়রা ছাড়াও যেখানে ভিড় করেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, অসম এমনকী কলকাতার লোকেরাও। 

 

শ্মশানের পাশে নো ম্যানস ল্যান্ড-এ এই পুজোর আয়োজন করে সাহেবগঞ্জ সৎকার সমিতি। পুজোকে কেন্দ্র করে জনশ্রুতি, ১৯৭৮ সালে ওই এলাকায় একবার খুব খরা দেখা গিয়েছিল। সেইসময় এক তান্ত্রিকের পরামর্শে ছিন্নমস্তা পুজো করার পর ভারী বৃষ্টি হয়‌। এরপর থেকেই প্রতি বছর পুজো হয়ে আসছে। 

 

মূর্তি গড়ে সেই মূর্তি নিয়ে যাওয়া হয় ছিন্নমস্তার মন্দিরে। সারারাত ধরে চলা এই পুজোয় কাঁটাতারের গেট খোলা থাকে। বৈধ পরিচয়পত্র দেখিয়ে পুজোয় যোগদান করেন ভক্তরা। পুজো উপলক্ষে মোতায়েন করা হয় বিরাট সংখ্যক বিএসএফ ও পুলিশ বাহিনী। ভোরবেলায় বিতরণ করা হয় প্রসাদ।