আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস রাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়ায় কাঁথি মহকুমা জুড়ে আনন্দ, উচ্ছ্বাস। দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে রাজনীতির ময়দানে এসে আজ তিনি রাজ্যের একজন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
বয়স ৬৩। অরূপ কুমার দাস পেশাগত জীবনে কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এমএসসি (ফিজিক্স) ডিগ্রিধারী অরূপ শুধু বিদ্যালয়ের শিক্ষক হিসেবেই নয়, স্কুলের বাইরে বহু ছাত্র-ছাত্রীকে বিনা পারিশ্রমিকে পড়িয়ে শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও তিনি রাজনৈতিকভাবে সচেতন ও রাজনীতিমনস্ক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। ওই বছরই দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন।
পরবর্তীতে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দায়িত্বও সামলান তিনি। কাঁথি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ কুমার দাস কাঁথি পৌরসভার কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর এবার রাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন তিনি। প্রধান শিক্ষক থেকে মন্ত্রী—অরূপ কুমার দাসের এই যাত্রা বর্তমানে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে।
















