আজকাল ওয়েবডেস্ক: সাংসদদের অবস্থান নিয়ে জলঘোলা বিস্তর। ২০ জন সাংসদ রীতিমতো তৃণমূল ছেড়ে, এনসিপিআই নামক দলের সঙ্গে মিশে গিয়েছে। এসবের মাঝে, কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ কল্যাণ ব্যানার্জির নামে অভিযোগ দায়ের করেছেন লোকসভায়। কেবল অভিযোগ নয়, মহিলাদের প্রতি কল্যাণ অসম্মানজনক মন্তব্য করেন, এই অভিযোগে, তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। কাকলির অভিযোগ, কল্যাণের ব্যবহার সংসদীয় আচরণের পরিপন্থী। অভিযোগ পত্রে বারাসতের সাংসদ লিখেছেন, কল্যাণ একাধিকবার নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, একাধিকবার আক্রমণ করেছেন, মন্তব্যের মাধ্যমে। কাকলির অভিযোগ, কেবল তাঁকে একাই নয়, অন্যান্য মহিলা সহকর্মীদের প্রতিও নাকি কল্যাণের আচরণ অসম্মানজনক। আগেও কাকলি কল্যাণের বিরুদ্ধে এই অসম্মানজনক মন্তব্যের অভিযোগ তুলেছিলেন। এবার একেবারে সংসদ থেকে বহিষ্কারের দাবি তুলে চিঠি সংসদে।
অভিযোগ শুনে কী বলছেন শ্রীরামপুরের সাংসদ? আজকাল ডট ইন কল্যাণ ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করলে তিনি সাফ জানান, -'অভিযোগে যেসব কথা বলা হয়েছে তা মিথ্যা, সাজানো। অভিযোগগুলোই তো অস্পষ্ট। আমাকে লক্ষ্যবস্তু বানাতে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং আমার রাজনৈতিক জীবন নষ্ট করার উদ্দেশ্যেই এই অভিযোগগুলো আনা হয়েছে আমার বিরুদ্ধে।'
সঙ্গেই কল্যাণের সংযোজন, 'এই সমস্ত অভিযোগ ৬ই মে-র পরে আনা হয়েছে। ওই সময় তিনি দল থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন। এরপর তিনি অন্য একটি দলে যোগ দেন এবং এনডিএ-কে সমর্থন করতে শুরু করেন। সুতরাং, অসৎ উদ্দেশ্য নিয়েই এসব করা হয়েছে, এটা স্পষ্ট।'















