আজকাল ওয়েবডেস্ক: শুভেন্দু-সরকার কাজ করছে ঝড়ের গতিতে। বঙ্গ বিজেপি সরকারের প্রথম কয়েকদিনের কাজের খতিয়ান দেখে তেমনটাই বলছেন সাধারণ মানুষ। সোমবারেও সকাল থেকে একের পর এক আপডেট। প্রথমেই জনতার দরবার, তারপরেই ক্যাবিনেট মিটিং। একাধিক বিধায়ককে একাধিক দপ্তর যাওয়ার নির্দেশ, মন্ত্রী অগ্নিমিত্রা পালের ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া একগুচ্ছ বিষয় ঘোষণা, মুখ্যমন্ত্রীর পার্ক সার্কাস গিয়ে কড়া দাওয়াই দেওয়া।
ঠিক তার পরেই ফের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। জল জীবন মিশন নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বাংলায় এই জল জীবন মিশন চালুর পথে আরও একধাপ।
এই প্রসঙ্গে উল্লেখ্য, পূর্বতন সরকার, অর্থাৎ মমতা সরকারের জমানায় বারেবারে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করেছে রাজ্যকে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল পথেও নেমেছে। তবে বিজেপি সরকারের শুরুতেই একেবারে তার উল্টো বার্তা। বঞ্চনার অভিযোগ দূর, নয়া সরকারের ন'দিনের মাথায় কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবারের বৈঠকে, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে জল জীবন মিশন নিয়ে মউ সাক্ষরিত হয়। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সহায়তা পাওয়ার পরেও, পূর্বতন সরকার কাজ করেনি। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগও তোলেন এদিন।
















