আজকাল ওয়েবডেস্ক: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ভারতীয় মাছ ধরার নৌকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল ভারতীয় উপকূল বাহিনী (আইসিজি)। 

উপকূলরক্ষী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌকাটিকে চিহ্নিত করে সমুদ্রে আটকানো হয়। তল্লাশিতে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার পর চারজনকেই হেফাজতে নেওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস, গন্তব্য এবং সম্ভাব্য পাচারচক্রের সঙ্গে আটক ব্যক্তিদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দাবি, সীমান্তবর্তী সমুদ্রপথ ব্যবহার করে আন্তঃসীমান্ত অবৈধ পাচার রুখতে গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তকারীরা উদ্ধার হওয়া অস্ত্র-গুলির ফরেনসিক পরীক্ষা, নৌকাটির গতিবিধি এবং যোগাযোগের নেটওয়ার্ক বিশ্লেষণ করে গোটা পাচারচক্রের সন্ধান করার চেষ্টা করছেন।