আজকাল ওয়েবডেস্ক: আইআইটি খড়গপুরের ডিরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তীর নামে প্রকাশ্যে আসা এক সতর্কবার্তাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিক্ষা ও প্রযুক্তি মহলে। অভিযোগ, তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে সেই নম্বর থেকেই পরিচিত ব্যক্তিদের কাছে টাকা চাওয়া হচ্ছে। 

প্রকাশিত সতর্কবার্তায় লেখা হয়েছে, “আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সেটি ব্যবহার করে আমার পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে। অনুগ্রহ করে এই ধরনের কোনও বার্তার জবাব দেবেন না এবং কোনও অর্থ পাঠাবেন না।” ঘটনার পর থেকেই সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে হোয়াটসঅ্যাপ হ্যাক করে পরিচিতদের কাছ থেকে টাকা আদায়ের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। সাধারণ মানুষের অসতর্কতার সুযোগ নিয়েই প্রতারকেরা এই ধরনের ফাঁদ পেতে বসছে। আইআইটি খড়গপুরের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্তার নাম জড়িয়ে পড়ায় ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। 

 

যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সাইবার অপরাধ দমন শাখার নজরদারি শুরু হয়েছে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, গত কয়েক মাসে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনিক আধিকারিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাক ও অনলাইন প্রতারণার একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আইআইটি খড়গপুরের ডিরেক্টরের নামও।

 

বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত বা সন্দেহজনক আর্থিক অনুরোধ এলে তা যাচাই না করে কখনও অর্থ পাঠানো উচিত নয়। পাশাপাশি, হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার পরামর্শও দেওয়া হচ্ছে।