আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান স্টেশনে বিপুল নগদ–সহ দুই ব্যক্তি গ্রেপ্তার, উদ্ধার হয় প্রায় ৪০ লক্ষ টাকা।
বুধবার এই রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ–সহ বিহারের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃতদের কাছ থেকে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। 


জানা গিয়েছে, ধৃতদের নাম অয়াধেশ কুমার ও সুনীল কুমার। দু’‌জনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা। বুধবার তাঁদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।


জিআরপি সূত্রে খবর, বুধবার দুপুরে বর্ধমান জিআরপি থানার ওসি সুজন ঘোষের নেতৃত্বে রুটিন তল্লাশি চালানো হচ্ছিল বর্ধমান স্টেশনে। সেই সময় ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। 


পরে তাঁদের কাছে থাকা লাগেজ ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। নির্বাচনী আচরণ বিধি বলবৎ থাকা সত্ত্বেও ওই টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি ধৃতরা। এরপরই নগদ অর্থ বাজেয়াপ্ত করে এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

 প্রসঙ্গত, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় জায়গায় জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে পুলিশ। এর আগেও এই তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ অর্থ। অভিযুক্তরা যার স্বপক্ষে কোনো যুক্তিযুক্ত কারণ দাঁড় করাতে পারেনি।