মিল্টন সেন
হুগলির বলাগড় এলাকার বাসিন্দাদের জন্য বড় সুখবর। শুক্রবার থেকে বর্ধমানের কালনা থেকে হুগলির চুঁচুড়া পর্যন্ত নতুন সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে। বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের উদ্যোগে শুরু হওয়া এই পরিষেবায় মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন।
প্রতিদিন সকাল ৮টায় কালনা থেকে বাসটি ছাড়বে এবং সকাল ৮টা ২০ মিনিট নাগাদ গুপ্তিপাড়ায় পৌঁছবে। এরপর সোমরা বাসস্ট্যান্ড, বলাগড় বাসস্ট্যান্ড, জিরাট, ডুমুরদহ, শেরপুর, মগরা ও ত্রিবেণী হয়ে বাসটি চুঁচুড়ায় পৌঁছবে।
আপাতত এই রুটে প্রতিদিন দুটি সরকারি বাস চলবে। ভবিষ্যতে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুমনা সরকার।
মহিলারা এই পরিষেবায় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। বাসে ওঠার সময় আধার কার্ড অথবা ভোটার পরিচয়পত্র দেখালেই মিলবে এই সুবিধা। তবে পুরুষ যাত্রীরাও একই বাসে ভ্রমণ করতে পারবেন, সেক্ষেত্রে তাঁদের নির্ধারিত ভাড়া দিতে হবে।
প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর কাছে দীর্ঘদিন ধরেই এই রুটে সরকারি বাস চালুর দাবি জানানো হয়েছিল। সেই দাবি মেনে শুক্রবার থেকেই পরিষেবা চালু হচ্ছে।
তাঁর কথায়, বলাগড় এলাকা থেকে বহু মহিলা প্রতিদিন কাজ, পড়াশোনা ও চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। প্রতিদিনের বাসভাড়া তাঁদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করে। তাই এই বিনামূল্যের সরকারি বাস পরিষেবা চালু হলে বহু মহিলা সরাসরি উপকৃত হবেন এবং তাঁদের নিত্যদিনের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।
















