আজকাল ওয়েবডেস্ক: শিল্প ক্ষেত্রে জোয়ার আনবে বিজেপি সরকার। শুরু থেকে মন্ত্রীরা জোর দিয়েছেন এই বার্তায়। এবার নিজেদের কাজের খতিয়ান সর্বসমক্ষে আনতে শ্বেতপত্র প্রকাশ করবে বর্তমান সরকার। এদিন এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আগের সরকারের প্রসঙ্গ তুলে এনেছেন। তাঁর বক্তব্য, 'আমরা আগের সরকারকেও বারবার শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলাম। বিজিবিএসে কত ইনভেস্টমেন্ট হল, কোন কোন সেক্টরে বিনিয়োগ হল, কোন সেক্টরে কত ছেলেমেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি।'

তারপরেই বর্তমান সরকারের শ্বেতপত্র প্রকাশ সম্পর্কে মন্ত্রী বলেন, 'আমরা কী করছি, কত বিনিয়োগ এল, আমরা কোথায় কোথায় কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, আমরা জানাতে চাই।' একইসঙ্গে তিনি জানান, এদিনের বৈঠকে কেবল কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ কমিটিতে  কতজন থাকবেন, কে চেয়ারপার্সন হবেন তা নিয়ে। 


জানা গিয়েছে, শ্বেতপত্র (White Paper) কমিটির চেয়ারম্যান হবেন মন্ত্রী স্বপন দাশগুপ্ত । কমিটিতে মোট ৫ জন সদস্য থাকবেন। একইসঙ্গে বিনিয়োগ (Investment) কমিটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যে নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে, যার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তাপস রায়।

 

এছাড়াও এদিন শ্রাবণী মেলা প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, 'মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার শ্রাবণী মেলা অত্যন্ত বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। এর জন্য একাধিক দপ্তরের (UDMA, PWD, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি) সমন্বয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।'


যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য, রাস্তায় পর্যাপ্ত পানীয় জল, রেস্টরুম, হেলথ ক্যাম্প এবং বায়ো-টয়লেটের ব্যবস্থা থাকছে। পুণ্যার্থীদের জন্য সাজানো হবে ঘাটগুলিকেও।