আজকাল ওয়েবডেস্ক: মোটর সাইকেল সারানকে কেন্দ্র করে বচসা। তার জেরে গ্যারেজ মালিককে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল(২৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তুফান ক্ষেত্রপালের বর্ধমানের নীলপুর বটতলা এলাকায় একটি মোটর সাইকেলের গ্যারেজ আছে। ঐ এলাকাতেই ঘর ভাড়া নিয়ে থাকত সে। অভিযুক্ত মানিক পোড়েল তাঁর মোটর সাইকেলটি বেশ কয়েকদিন আগে সার্ভিসিংয়ের জন্য দেন। বেশ কয়েকদিন মোটর সাইকেল না পাওয়ায় সোমবার মানিক ও তুফানের মধ্যে বচসা হয়। পরে তুফানের পরিবারের সদস্যরা এলে বিষয়টি মিটমাট হয়। সেখানেই নাকি কথা হয় পরেরদিন অর্থাৎ মঙ্গলবার মোটর সাইকেল সার্ভিসিং করে ফেরত দেবেন তুফান। মিটমাট হওয়ায় মানিক তুফানের পরিবারের সদস্যদের জানায় সে তুফানকে বাড়ি দিয়ে আসবে।
কিন্তু তুফান সারারাত বাড়ি ফেরেনি বলে জানান পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে তুফানের পরিবার জানতে পারে, তেলিপুকুর এলাকায় মানিকের বাড়ির অদূরে তুফান মৃত অবস্থায় পড়ে আছে। তুফানের পরিবারের অভিযোগ, হাত পা বেঁধে মারধর করা হয়েছে তুফানকে। এমনকি তাঁকে জলে ডোবান হয়েছিল বলেও অভিযোগ। এই ঘটনায় মানিক, মানিকের বন্ধু সুজয়-সহ বেশ কয়েকজন জড়িত বলে অভিযোগ পরিবারের।
বর্ধমান থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মানিক পোড়েল, তাঁর মা ও দাদুকে আটক করেছে। আরেক অভিযুক্ত সুজয়ের খোঁজ চালাচ্ছে পুলিশ।
নিহতের জামাইবাবু বিশ্বজিৎ নট্ট জানান, বড়বাজার থেকে তুফানকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর ভাই রাজু খবর পেয়ে মীমাংসার জন্য গেলে অভিযুক্তরা তাঁকে পরে পাঠিয়ে দেবে বলে জানায়। পরিবারের অভিযোগ, সারারাত তুফানকে হাতে পায়ে বেঁধে মারধর করা হয়েছে। তারপর জলে ডোবান হয়েছে। সকালে তারা খবর পান, মৃত অবস্থায় তাকে তেলিপুকুর এলাকায় ফেলে রাখা হয়েছে।
নিহতের বাবা বাপী ক্ষেত্রপাল জানান, গাড়ি সারন নিয়ে এমন নৃশংস ঘটনা ঘটবে, ভাবতে পারেন নি তাঁরা। তাঁদের দাবি, দোষীদের যেন উপযুক্ত শান্তি হয়।
















