আজকাল ওয়েবডেস্ক: ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় আলাদা করে এফআইআর দায়ের হয়েছে। তারপরেই ‘গ্রেপ্তার হতে পারেন’ এই আশঙ্কায় এবার আদালতে ছুটলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
যুবভারতীতে মেসি কাণ্ডের পরেই অরূপের ক্রীড়ামন্ত্রীর পদ গিয়েছিল। এবার গ্রেপ্তারির আশঙ্কায় বারাসাত আদালতে আগাম অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলেন তৃণমূল নেতা।
জানা গিয়েছে, মেসি কাণ্ড ঘিরে তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। সে কারণেই গ্রেপ্তারির আশঙ্কা থেকেই অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছেন অরূপ।
মেসির কলকাতার অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জন্য ক্ষোভের সঞ্চার হয়েছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন মেসি। সেই অনুষ্ঠান ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ সমর্থকরা গ্যালারি থেকে মেসিকে দেখতে পাননি। রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভিআইপি-রাই মেসিকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ উঠেছিল সেদিন।
এই ঘটনার জল এত দূর গড়ায় যে পুলিশ শেষ পর্যন্ত মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে। কিন্তু ভোটের ফলাফলের পর প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে মুখ খোলেন শতদ্রু দত্ত।
যুবভারতীতে মেসি কাণ্ডে নতুন করে এফআইআর করে বিধাননগর পুলিশ। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ করা হয়। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করতে চলেছে পুলিশ।
মেসির গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় আলাদাভাবে একটি অভিযোগ জানিয়েছেন। যেখানে শুধুমাত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের নামে এফআইআর রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করতে চলেছে পুলিশ।
বিধানসভা নির্বাচনের ফলাফলের দিনই শতদ্রু সোশ্যাল মিডিয়ায় কার্যত বিস্ফোরণ ঘটিয়েছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ার স্টোরিতে অরূপ ও পাপিয়া অধিকারীর ফলাফলের ছবি পোস্ট করে শতদ্রু লিখেছিলেন, ''খেলা শেষ তোমার, এবার আমার শুরু।''
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতেই শতদ্রু লেখেন, ''তুমি আমাকে বলির পাঁঠা করেছো। কিন্তু ঈশ্বর রয়েছেন।'' ২৮ মে শতদ্রু সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ''৭ দিন আগে আমি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, জুই বিশ্বাস, প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং কয়েকজন আইএএস ও সরকারি আধিকারিকের বিরুদ্ধে কলকাতায় লিওনেল মেসির ইভেন্ট ঘিরে ঘটে যাওয়া গুরুতর নিরাপত্তা বিপর্যয় ও অন্যান্য ঘটনাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি। এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি এবং অভিযুক্তদের কাউকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। তবুও বর্তমান সরকার এবং বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং আমি আশা করি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।'' এদিন জানা গেল মেসি-কাণ্ডে নতুন করে এফআইআর করা হয়েছে। খুব দ্রুতই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হবে।















