আজকাল ওয়েবডেস্ক:‌ পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেটে একটি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। দমকলের একাধিক ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এদিন সকাল ৯টা নাগাদ একটি কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে বলে জানা গেছে। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানদাররাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের অন্তত চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক অনুমান। যদিও হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। পুজোর মুখে অগ্নিকাণ্ডের ঘটনায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়।