আজকাল ওয়েবডেস্ক: হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুরুষ সিভিক ভলেন্টিয়ার, ছড়াল চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে ওই পুরুষ সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।  বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমিত ভদ্র। অভিযোগ, হাবড়া থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পোশাক পরিবর্তন করার সময় অভিযুক্ত গোপনে তাঁর ছবি তুলে রাখেন। পরে সেই ছবিকে হাতিয়ার করে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ।

অভিযোগকারী মহিলার দাবি, আপত্তিকর ছবিগুলি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করে। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকার পর অবশেষে নির্যাতিতা হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত অমিত ভদ্রকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের পাশাপাশি ভয় দেখানো, ব্ল্যাকমেইল, প্রাণনাশের হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে বুধবার বারাসাত আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত অমিত ভদ্রকে এর আগেই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের হওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত ডিজিটাল প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন।