আজকাল ওয়েবডেস্ক: কড়া নিরাপত্তায় ফলতা পুনর্নির্বাচনের ভোট গণনা শুরু। একেবারে শুরু থেকেই জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, ফলতায় গণনা হয়েছে চার রাউন্ড। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ফলতায় চার রাউন্ড শেষে প্রথম স্থানে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। দ্বিতীয় স্থানে বাম প্রার্থী শম্ভুনাথ কুড়মি, তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা এবং চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গীর। যদিও ভোটের ঠিক আগে, ফলতার পুষ্পা ঘোষণা করেছিলেন, তিনি আর ভোট লড়বেন না। তবে ফলাফলে যা ইঙ্গিত এখনও পর্যন্ত, তাতে হুঙ্কার দেওয়া পুষ্পা, চার রাউন্ড শেষে বিজেপির থেকে পিছিয়ে প্রায় ২৪ হাজার ভোটে। প্রাপ্ত ভোট কমবেশি দেড় হাজার।

 

গণনা প্রসঙ্গে উল্লেখ্য, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনঃনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সকাল থেকেই গণনা কেন্দ্র চত্বরে টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনীকে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা। গণনা কেন্দ্রের চারপাশে বসানো হয়েছে কড়া নজরদারি, তৈরি করা হয়েছে একাধিক নিরাপত্তা স্তর।

 

সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। যদিও সাধারণ মানুষের প্রবেশে রয়েছে কড়াকড়ি, শুধুমাত্র অনুমোদিত প্রার্থী, গণনা এজেন্ট ও প্রশাসনিক আধিকারিকদেরই নির্দিষ্ট পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

 

এদিন গণনা কেন্দ্রে পৌঁছান ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। গণনা শুরুর আগে আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, দলের কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে এবং সকলেই মানসিকভাবে প্রস্তুত। তাঁর দাবি, বিজেপির কর্মীরা একে একে গণনা কেন্দ্রে পৌঁছচ্ছেন এবং ফলাফল নিয়ে দলের ভিতরে যথেষ্ট ইতিবাচক মনোভাব রয়েছে। দেবাংশু পণ্ডা বলেন, “আমাদের মানসিক প্রস্তুতি তুঙ্গে রয়েছে। কর্মীরা ধীরে ধীরে গণনা কেন্দ্রে আসছেন। আমরা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় শুধু সময়ের অপেক্ষা।” তিনি আরও দাবি করেন, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং ভোটের ফলাফল সেই ইঙ্গিতই দেবে।

 

প্রসঙ্গত, ফলতা বিধানসভা কেন্দ্রের পুনঃনির্বাচনকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বাকযুদ্ধও চোখে পড়েছে। সেই আবহে রবিবারের ভোট গণনা ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের গণনা কেন্দ্রের দিকে।

অন্যদিকে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করাই প্রধান লক্ষ্য। গণনা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিন মোতায়েন রাখা হয়েছে। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে বাইরে থেকে পরিস্থিতির উপরও কড়া নজর রাখা হচ্ছে।