আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মন্ত্রী অর্জুন সিংয়ের নামে ভুয়ো সুপারিশপত্র! ইছাপুরের দুই বাসিন্দা কে গ্রেপ্তার করল পুলিশ। নোয়াপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নামে ভুয়ো বিধায়ক এর শংসাপত্র তৈরি করে প্রতারণার অভিযোগে ইছাপুরের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ।
ধৃতদের নাম সোমনাথ দাস ও রোমান দাস। পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে মন্ত্রীর নামে জাল শংসাপত্র তৈরি করে দিচ্ছিলেন।
সম্প্রতি এক ব্যক্তি ওই শংসাপত্র একটি সরকারি দপ্তরে জমা দিতে গেলে নথির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। পরে যাচাই করে দেখা যায়, সেটি সম্পূর্ণ ভুয়ো। বিষয়টি জানার পর ওই ব্যক্তি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সোমনাথ দাস ও রোমান দাসকে গ্রেপ্তার করে।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে বিজেপির নোয়াপাড়া ২ নম্বর মণ্ডলের সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি মন্ত্রী অর্জুন সিংয়ের নজরে আনা হয়েছে।
মন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় নথি জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে নোয়াপাড়া থানার পুলিশ। শুক্রবার, অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। পাশাপাশি কীভাবে এই জাল শংসাপত্র তৈরি করেছে সে বিষয়েও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানবে পুলিশ। যদিও এদিন কোর্টে প্রবেশের সময় ধৃতরা জানান তাদের ফাঁসানো হচ্ছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ 'এভিডেন্স' থাকায় তাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
















