আজকাল ওয়েবডেস্ক: ডায়মন্ড হারবার জেলার অ্যাডিশনাল এসপি মিঠুন কুমার দে’র বিরুদ্ধে গুরুতর আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তরের দ্বারস্থ হলেন মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন মন্ত্রীর হঠাৎ ইডি দপ্তরে হাজিরা এবং দলেরই এক প্রভাবশালী পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

গিয়াসউদ্দিন মোল্লার অভিযোগ, ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার দে সম্পূর্ণ বেআইনিভাবে দলেরই সাধারণ কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে তাঁদের জেল খাটিয়েছেন। শুধু তাই নয়, সরকারি পদে বহাল থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি শাসকদলের টিকিট পর্যন্ত বিক্রি করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, এই বিপুল আর্থিক লেনদেন এবং দলীয় কর্মীদের হেনস্থার বিষয়টি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ জানতেন। কিন্তু সবটা জেনেও তিনি এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ করেননি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে লিখিত অভিযোগ জমা দিতে এসেছেন বলে জানান। একজন প্রাক্তন মন্ত্রীর মুখে নিজের দলেরই শীর্ষ নেতৃত্ব ও পুলিশ প্রশাসনের মেলবন্ধনে দুর্নীতির এমন বিস্ফোরক অভিযোগে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।