আজকাল ওয়েবডেস্ক: এবার হামলার মুখে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। কোচবিহারের শিতলকুচিতে এক সিপিএম কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। মঙ্গলবার মৃত সিপিএম কর্মী মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন মীনাক্ষী মুখার্জি। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও ওঠে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, গত রবিবার সকালে শীতলকুচি ব্লকের খুঠামারা নদীর চানঘাট সেতু সংলগ্ন এলাকা থেকে মন্টু মিঞার দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি নগর সিঙ্গিমারি গ্রামে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত খুন। তাঁদের অভিযোগ, ঘটনার পর শীতলকুচি থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।
এই পরিস্থিতিতে মঙ্গলবার মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে সিঙ্গিমারি গ্রামে যান সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এরপর ফেরার পথে শীতলকুচি বাজার এলাকায় পৌঁছতেই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পাশাপাশি গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে মীনাক্ষী মুখার্জি তীব্র প্রতিক্রিয়া জানান। তাঁর অভিযোগ, মন্টু মিঞার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হলেও পুলিশ তা গুরুত্ব দিয়ে দেখেনি এবং অভিযোগও নেয়নি। তিনি বলেন, শুধুমাত্র শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়েছে। মীনাক্ষীকে বারবার গ্রেপ্তারির দাবি তোলার সঙ্গেই প্রশ্ন তুলতেও শোনা যায়, 'আমার অপরাধ কী?'
অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্তদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডিম নিক্ষেপ ও বিক্ষোভের অভিযোগের বিষয়ে প্রশাসনের তরফেও কোনও বিস্তারিত বক্তব্য সামনে আসেনি। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় রয়েছে।















