আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দিন ও ফলাফলের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর কয়েক ঘণ্টা পরেই আরও বড় পদক্ষেপ করা হল। রবিবার রাতেই ভোটের মুখে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, নন্দিনী চক্রবর্তীকে রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দুশ্যন্ত নারিয়ালাকে নিয়োগ করা হল। পাশাপাশি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের মুখে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল সঙ্ঘমিত্রা ঘোষকে। এর আগে স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন জগদীপ প্রসাদ মিনা।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামিকাল সোমবার দুপুর ৩টের নয়া মুখ্যসচিব হিসেবে দুশ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব হিসেবে সঙ্ঘমিত্রা ঘোষ দায়িত্ব গ্রহণ করবেন।
১৯৯৩ সালের ব্যাচের আইএএস আধিকারিক দুশ্যন্ত। অতীতে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের দায়িত্বও পালন করেছেন।
অন্যদিকে ১৯৯৭ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ। নারী ও শিশুকল্যাণ দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। এবার মুখ্যসচিব হিসেবে তাঁকেই নিয়োগ করা হল।
আজ বিকেল চারটেয় বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করার পরেই নির্বাচন কমিশন জানিয়েছে, এখন থেকেই আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেছে। ভোটের দিন ঘোষণার পরেই রাজ্য পুলিশের এডিজি এবং নোডাল অফিসারকেও চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলায় গত লোকসভা ভোটের আগে, ভোটের দিন এবং ভোটের পরে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা এবং অশান্তির সময় সেই থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
দিন কয়েক আগে রাজ্য পুলিশের কাছ থেকে এই বিষয়েই তথ্য চেয়েছিল নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ফের ওই সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসারদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তরফে আরও বলা হয়েছে, এই তথ্য ও তালিকা আগামিকাল সোমবার বিকেল ৪টের মধ্যে জমা দিতে হবে।
প্রসঙ্গত, চলতি বছরে রাজ্যে দু'দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এপ্রিলের শেষেই দু'দফায় বিধানসভা নির্বাচন হবে বাংলায়। মে মাসের শুরুতেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
