আজকাল ওয়েবডেস্কঃ সোমবার ভোররাতে খুন দুষ্কৃতী রাজা দত্ত। উত্তর দমদম পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা অঞ্চলে খুন হন তিন। তাঁর সঙ্গেই আহত হন আরও দুই দুষ্কৃতী। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। আটক করা হয়েছে বেশ কিছু অভিযুক্তকে। 


পুলিশ সূত্রে খবর, সোমবার খলিসাকোটা অঞ্চলে একটি বাইকে করে ঘটনাস্থলে এসেছিলেন রাজা দত্ত। এর পরেই কার্যত তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর বেশ কয়েকটি গুলি করা হয় তাতেই মাটিতে লুটিয়ে পড়েন ওই কুখ্যাত দুষ্কৃতী। ঘটনার খবর পেয়েই পৌছঁয় দমদম থানার পুলিশ। এরপর পুলিশ তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গেই আরও দুই দুষ্কৃতী আহত হন। পরবর্তীতে তাঁদের সেখান থেকে আরজিকর হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

জানা গিয়েছে, রাজা দত্ত আর এক দুষ্কৃতী সুমন-এর পার্টি অফিসে ভাঙচুর চালায়। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। এর পরেই রাজারই বন্দুক ছিনিয়ে নিয়ে তাঁকে খুন করা হয়। ঘটনার তদন্তে আরও জানা গিয়েছে, সুমন নামে যে দুষ্কৃতীর কথা উঠে আসছে, তিনি একসময় প্রাক্তন উত্তর দমদম পৌরসভা চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। এলাকাতেও তৃণমূলকর্মী হিসাবে পরিচিত ছিলেন।

 

তদন্ত নেমে পুলিশের পক্ষ থেকে পাঁচজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। যে পাঁচজনকে আটক করা হয়েছে তারা প্রত্যেকেই পূর্ব পরিচিত বলে খবর। জানা গিয়েছে, প্রত্যেকেই দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত নেমে আরও জানতে পেরেছে, পুরনো বিবাদ থেকে ঝামেলার কারণেই খুন হন রাজা।