আজকাল ওয়েবডেস্ক: পর্যটন তথ্য কেন্দ্র তৈরি করা হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের আটটি জেলায় মোট ১০০টি এই পর্যটন তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। কোথায়, কী দেখার ব্যবস্থা রয়েছে, কীভাবে পৌঁছনো যাবে সেই তথ্য পেতে অনেকেরই সমস্যা হয়। সেই সমস্যার সুরাহা করতে আধুনিক তথ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। অত্যাধুনিক ভাবে এই পর্যটন তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে। যেখানে যাবতীয় তথ্য যেমন মিলবে, তেমনই একই ছাদের তলায় থাকবে বুটিক, ক্যাফেটেরিয়া-সহ একাধিক ব্যবস্থা। মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, উত্তরবঙ্গের আট জেলাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেন্টার পর্যটকদের খুব কাজে আসবে। একেবারে আধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে সেখানে।

তিনি জানিয়েছেন, প্রত্যেক জেলায় অন্তত আটটি করে এই কেন্দ্র করা হচ্ছে। প্রত্যেকটির কেন্দ্র তৈরি করতে খরচ পড়বে ৭৫ লক্ষের বেশি। এটি দোতলা ভবন করা হবে, যার গ্রাউন্ড ফ্লোরে থাকবে ইনফর্মেশন সেন্টার। পুরুষ এবং মহিলাদের জন্য থাকবে আলাদা আধুনিক শৌচালয়। দোতলায় থাকবে ক্যাফেটেরিয়া। ছাদেও আলাদা ভাবে বসার জায়গা এবং ক্যাফেটেরিয়া থাকবে। আধুনিক এই ভবনে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা থাকবে। অতিথিদের জন্য হোমস্টের ব্যবস্থা থাকবে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এই চিন্তা ভাবনা করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর চলতি আর্থিক বর্ষে বক্সিরহাটে বিশাল গেট তৈরি করবে। পাশাপশি ডুয়ার্সের জঙ্গলে পর্যটকরা ঘুরতে গেলে ৭০-৮০ কিলোমিটার জঙ্গলের ভেতরে ঢুকলে কোনও রকম হোটেল রেস্তরাঁ বা ক্যাফে পাওয়া যায় না সেখানে অনুমতি থাকে না বনদপ্তরের সেখানেও এই পর্যটন তথ্য কেন্দ্র করা হবে। যাতে পর্যটনরা সেখান থেকে সাহায্য পেতে পারে। নতুন সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।