আজকাল ওয়েবডেস্ক: শান্ত এলাকায় হঠাৎই নেমেছে আতঙ্কের ছায়া। শনিবার সন্ধেবেলা আড্ডা দেওয়ার সময় এক কলেজ ছাত্রের উপর ধারাল অস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে, স্থানীয়দের অভিযোগ তেমনটাই। ওই ছাত্রকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও, শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

ঠিক কী ঘটেছিল? এই ঘটনা ঘটলই বা কখন? পূর্ব বর্ধমানের ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী এবং আক্রান্তের পরিবার সূত্রে জানা গিয়েছে, মুল্টিগ্রামে প্রতিদিনের মতোই শনিবার সন্ধে নাগাদ বাড়ির কাছে একটি পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ওই কলেজ ছাত্র। হঠাৎই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে ধারাল অস্ত্র সম্ভবত কাটারি বা হাসুয়া দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটিয়েই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়।

 

মৃত ছাত্রের দাদা মাসুদ মির্দা সংবাদমাধ্যমকে জানান, 'তাঁর ভাই কাটোয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।' তিনি আরও বলেন, 'ও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। কোনও প্রতিবেশী বা অন্য কারওর সঙ্গেও ওর কোনও শত্রুতা ছিল না। অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে। সামনেই চাকরির পরীক্ষা ছিল, সেটারই প্রস্তুতি নিচ্ছিল। কেন এই আক্রমণ হল, আমরা কিছুই বুঝতে পারছি না।'

 

 ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে যে, 'আক্রমণের ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। পুকুর পাড়ে আড্ডা দেওয়ার সময় তাঁর সঙ্গে আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করা হবে এবং অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করা হবে।'

 

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করছে। জনবহুল একটি এলাকায় এ ধরনের ঘটনা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।