মিল্টন সেন, হুগলি: এ বার বিজেপির পোস্টারে বিভ্রাট। বিধবা ভাতার পোস্টারে ছাপা হয়েছে সিঁদুর পড়া সধবা মহিলার ছবি! সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই ফাঁস করলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী। তবে এই অভিযোগ কার্যত অস্বীকার করলেন এলাকার বিজেপি প্রার্থী।

রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি বিধবা ভাতার অনুদান বাড়ানো হবে, এই মর্মে বিজেপির তরফে পোস্টার দেওয়া হয়েছে। এ বার সে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। প্রচারিত পোস্টারে দেখা গিয়েছে, প্রতি মাসে বিধবা ভাতা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই পোস্টারে একজন সিঁদুর পড়া সধবা মহিলার ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারটি নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করেছেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বলেছেন, "বিজেপি তাদের পোস্টারে সধবা মহিলার ছবি দিয়ে বিধবা ভাতার প্রচার করছেন। অর্থাৎ তারা যে বিধবা ও সধবার তফাৎ বোঝে না তা-ই প্রমাণ করে দিল। " তাঁর সংযোজন, "এতে বাংলার মায়েদের অসম্মান করা হচ্ছে। যাঁর ছবি ব্যবহার করা হয়েছে তাঁর মাথায় সিঁদুর রয়েছে অর্থাৎ তাঁকেও মানসিক ভাবে আঘাত করা হচ্ছে।"

এই প্রসঙ্গে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা রায় পাল বলেছেন, "এতে মহিলাদের অপমান করা হয়েছে। যাঁরা ভাতার বিরুদ্ধে তাঁরা এখন ভাতা দিয়ে ভোট কিনতে চাইছে। কিন্তু আজ সিঁদুর পরা মহিলাদের বিধবা বানিয়ে দিচ্ছে। এর মানে কী ঘরে যে পুরুষেরা আছে তাঁদের খুন করে দেবেন। নাকি তাঁদের মেরে বিধবা ভাতা দেবেন। বিধবা তাঁদের বলে যাদের মাথায় সিঁদুর থাকেনা। মহিলাদের সিঁদুর মুছতে এসেছে নাকি দাঙ্গা লাগাতে এসেছে।" তাঁর দাবি, বাংলাকে ভেদাভেদ করা অত সহজ নয়।

একই মত তৃণমূল কংগ্রেস নেতা পীযূষ ধরের। তিনি বলেছেন, "মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সারা বিশ্বে নাম অর্জন করেছেন।কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উপর নজর রেখেছেন। এখন বিজেপি ভাবছে আমাদেরও কিছু করতে হবে। তাই ভোটের আগে তড়িঘড়ি করে একাধিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করছে।" তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানেন না বলেও জানিয়েছেন পীযূষ। 

অন্য দিকে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেছেন, "এই পোস্টটা তাঁর নজরে পড়েনি। রাজ্য থেকে কোন পোস্ট করলে সেগুলো তাঁকে পাঠানো হয়। কিন্তু এরকম কোনও পোস্টার এখনও তাঁর কাছে এসে পৌঁছায়নি।" তাঁর দাবি, এটি তৃণমূলের কোনও চক্রান্ত হতে পারে। তারাই হয়তো বিজেপির নাম করে পোস্টার বানিয়ে প্রচার করছে। মহিলাদের কথা ভেবেই বিজেপির সঙ্কল্প, বিধবা ভাতা এক হাজার থেকে তিন হাজার টাকা করা হবে। তাই সেখানে কোনও সধবা মহিলার ছবি দিয়ে বিধবা ভাতার বিজ্ঞাপন দেওয়া হবে, তা বিশ্বাসযোগ্য নয়।