আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত উখরা সুভাষপল্লী এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও অফিসকে ঘিরে উত্তেজনা ছড়াল।

স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁর অফিসঘরের গোডাউনে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী মজুত করে রাখা হয়েছিল। প্রাক্তন বিধায়কের গেস্ট হাউস থেকে উদ্ধার হয়েছে শতাধিক কন্ডোমের প্যাকেট।

অভিযোগ, গোডাউনে শতাধিক ত্রিপল, মশারি-সহ বিভিন্ন সরকারি সামগ্রী পাওয়া গিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়েছিল। এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

তাঁরা প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কেন সরকারি সামগ্রী একটি রাজনৈতিক নেতার অফিসঘরে মজুত রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন।

স্থানীয়দের একাংশের দাবি, অফিসঘরে ঢুকে তাঁরা ওই সমস্ত সামগ্রী দেখতে পান। পাশাপাশি একটি বিলাসবহুল গেস্ট হাউসেও তল্লাশির সময় কন্ডোমের প্যাকেট পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নজরদারি বাড়ানো হয়। খনি অঞ্চলের এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

যদিও সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর দাবি, নির্বাচনের কিছুদিন আগে ত্রিপল ও অন্যান্য সামগ্রী এসেছিল।

নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সেগুলি আর বিতরণ করা সম্ভব হয়নি। ভোটে জয়ের পর ওই সামগ্রী সাধারণ মানুষের মধ্যে বিলি করার পরিকল্পনা ছিল বলেও তিনি জানান।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সরকারি সামগ্রী মজুতের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।