আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখেই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হল। আজ, বুধবার দুপুরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশ করেছে দশম শ্রেণির প্রথম পর্বের ফলাফল। সিবিএসই-র ওয়েবসাইটে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে।
নববর্ষে সিবিএসই-র দশম শ্রেণির ফলপ্রকাশের পরেই শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'চলতি বছরে সিবিএসই পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সকলেই ভবিষ্যতে আরও সফল হও, এই কামনা করছি।'
মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'তোমাদের সাফল্যের পিছনে যে সকল শিক্ষক, শিক্ষিকা, পরিবার ও অভিভাবকরা রয়েছেন, তাঁদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।' পাশাপাশি তিনি লিখেছেন, 'যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, মনোবল হারিয়ে ফেলো না। আমি নিশ্চিত ভবিষ্যতে সফল হবে তোমরা। আমার আশীর্বাদ ও শুভেচ্ছা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে।'
প্রসঙ্গত, সিবিএসই সূত্রে খবর, চলতি বছরে পরীক্ষার্থী ছিল মোট ২৫ লক্ষ। ভারত এবং বিদেশের সব কেন্দ্র মিলিয়ে মোট ২৭ হাজার ৩৩৯টি স্কুলে পরীক্ষা হয়েছিল। দশম শ্রেণির প্রথম পর্বের পরীক্ষায় পাশের হার ৯৩.৭০ শতাংশ।
চলতি বছরে ফলাফলের নিরিখে ছাত্রদের টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবছর ছাত্রীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। গত বছরের তুলনায় চলতি বছর পাশের হার ০.০৪ শতাংশ বেড়েছে। পরীক্ষার খাতা দেখেছেন প্রায় ৭ লক্ষ শিক্ষক।
কীভাবে দেখবেন ফলাফলের তালিকা?
সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার ফলাফল দেখা যাবে অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.nic.in। এর পাশাপাশি উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফলাফল দেখতে পাবে পড়ুয়ারা।
প্রসঙ্গত, চলতি বছরে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। যা চলেছিল ১১ মার্চ পর্যন্ত। চলতি বছরে ফলপ্রকাশে খানিকটা বদল ঘটেছে। এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পড়ুয়ার নামও প্রকাশ করা হয়নি।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে, আগামী মে মাসে ফের দ্বিতীয় দফার পরীক্ষার রয়েছে। চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে জুলাইয়ের পর।
















