মিল্টন সেন: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুগলি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে। রবিবার ভোর রাতে হুগলির ডানকুনি রেলস্টেশনে নামে কেন্দ্রীয় বাহিনীর একটি দল।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা আগেই ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই ঘোষণা অনুযায়ী হুগলিতেও বাহিনী মোতায়েন শুরু হল।

উল্লেখ্য, শনিবারই এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনো বিবেচনাধীন রয়েছে।

এই পরিস্থিতিতে ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই জেলায় বাহিনী পৌঁছে যাওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে পাঁচ কোম্পানি এবং পরবর্তী ধাপে আরও তিন কোম্পানি মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আপাতত চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় মোতায়েন করা হবে।

সংশ্লিষ্ট থানাগুলিতে বাহিনীকে ভাগ করে রাখা হবে এবং পরে এলাকায় টহলদারি শুরু করবে তারা। এদিকে হুগলি গ্রামীণ পুলিশ এলাকার জন্য আলাদাভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে।

জানা গেছে, প্রাথমিকভাবে হুগলি গ্রামীণ এলাকার জন্য ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম বাহিনী মোতায়েন বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।