আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি। পাথরে ধাক্কা খেয়ে সোজা গিয়ে পড়ে তিস্তা নদীতে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত আরও দু’জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল এলাকার বান্দ্রেভিড়ে শুক্রবার ভোররাত নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি চারচাকা গাড়ি ডুয়ার্সের গরুবাথান থেকে সিকিমের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়ির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
জানা গিয়েছে, চলতে চলতে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারের পাথরে ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনায় গাড়িটি অন্য কোনও গাড়িকে ওভারটেক করতে গিয়েছিল না কি কোনও গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, মৃতদের নাম অনিকেত প্রসাদ ও অমন গুপ্তা। তাঁরা গ্যাংটকের বাসিন্দা। আহতদের নাম কুণাল গুপ্তা ও পবন কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টা থেকে ৫টা নাগাদ ১০ নম্বর জাতীয় সড়কের পাশে বান্দারে ক্লিফের কাছে ২৯ মাইলে একটি দুর্ঘটনাটি ঘটে। ভোর নাগাদ এই দুর্ঘটনার পর ১০ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটিতে ৪ জন ছিলেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
















