বিউ সরকার: অন্নপূর্ণা যোজনার সুবিধা সাধারণ মানুষের কাছে আরও ভালভাবে পৌঁছে দিতে রাজ্যজুড়ে বিশেষ প্রচার কর্মসূচি নিচ্ছে বিজেপির মহিলা মোর্চা। আগষ্ট মাসের শুরু থেকেই প্রত্যেকটি জেলায় জেলায় এই কর্মসূচি শুরু হবে। যাঁরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন এবং যাঁরা এখনও আবেদন করেও সুবিধা পাননি বা আবেদন করতে পারেননি- তাদের প্রত্যেকের কাছেই পৌঁছে যাবেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।
সুবিধাভোগীদের কী কী সুবিধা হচ্ছে সেগুলো নিয়েও এলাকায় বৈঠকি আড্ডা কর্মসূচি করবে মহিলা মোর্চা, এমনটাই খবর বিজেপির সূত্রে। প্রত্যেকটি গ্রামে যারা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা এই প্রকল্প পাওয়ার যোগ্য অথবা দেরি হচ্ছে তা নিয়েও আলোচনা হবে। তারা যাতে চিন্তা না করেন সেই বিষয়ে বার্তা দেওয়া হবে প্রচারের মাধ্যমে।
গ্রামীণ এলাকায় যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি বা আবেদন প্রক্রিয়ায় দেরি হচ্ছে, তাঁদের উদ্দেশেও বিশেষ প্রচার চালান হবে। দলীয় নেতৃত্বের দাবি, যোগ্য কোনও মহিলা যাতে এই প্রকল্পের বাইরে না থাকেন, সেই লক্ষ্যেই বিশেষ কর্মশালা ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই প্রকল্পের জন্য সোশ্যাল মিডিয়ায়ো প্রচার চালানো হচ্ছে। যা আরও বাড়ান হবে বলে বিজেপি সূত্রে খবর।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু করেছে। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। কিন্তু আবার অনেকের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের টাকা পাননি। যা নিয়ে ইতিমধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। যাতে পরিস্থিতি আর জটিল না হয় তাই রাজ্য বিজেপি মহিলা মোর্চা অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রচারমূলক কর্মসূচি করতে চলেছে।
















