আজকাল ওয়েবডেস্ক: চুঁচুড়া জেলা আদালতে বোমাতঙ্ক ঘিরে হুলস্থূল কাণ্ড। মঙ্গলবার বেলার দিকে জেলা জজের মেলে হুমকি বার্তা আসে।
জানানো হয়, আদালতে আরডিএক্স বিস্ফোরন হবে!

মেল দেখেই চন্দনগরের পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয় চুঁচুড়া আদালত থেকে। এরপরই চন্দননগর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আদালতে পৌঁছয়। আদালতে উপস্থিত মানুষজনের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায় তা খতিয়ে দেখা হয়। আদালতে আসা লোকজনদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয়। 

বিস্ফোরণ হুমকির পর মঙ্গলবার চুঁচুড়া আদালতে কোন কাজ হয়নি।

আইনজীবী কিশোর মণ্ডল বলেন, "জেলার বিভিন্ন আদালতেই এই হুমকি মেল এসছে। আমার অনুমান, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টর আজকের আদেশের পরই যাদের স্বার্থে আঘাত লাগছে তারাই এই ধরনের কাজ করে থাকতে পারে।" উল্লেখ্য, আর মাত্র চার দিন বাকি, তার মধ্যে প্রায় ৮০ লক্ষ দাবি এবং আপত্তির নিষ্পত্তি করতে হবে। এই অবস্থায়, পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টকে প্রতিবেশী ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারক মোতায়েনের অনুমতি দিয়েছে।

চন্দননগর পুলিশ কমিশনার কোটেশ্বর রাও জানান, জেলা জজকে মেল করা হয়েছে। তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। পুলিশ বিভিন্ন জায়গায় চেকিং করছে। আদালতে ঢোকা বেড়ানোর রাস্তায় মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হচ্ছে, সন্দেহভাজন কিছু দেখলেই ব্যবস্থা নেওয়া হবে।