আজকাল ওয়েবডেস্ক: বর্ধমান শহরে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন নীলপুর আমবাগান এলাকার বাসিন্দা, পেশায় মৎস্য ব্যবসায়ী সুশান্ত দাস (৪০)।

মৃতের স্ত্রী টুম্পা দাস জানান, নীলপুর বাজারে মাছের ব্যবসা করতেন সুশান্ত। কয়েকদিন আগে স্থানীয় বিজেপি কর্মীদের সঙ্গে তাঁর বচসা হয়। এরপর থেকেই তাঁকে ব্যবসা বন্ধ করে দেওয়া এবং এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুশান্ত। ঘটনার দিন বিকেলে সুশান্তের স্ত্রী, মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন, স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাস। তৃণমূল প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশনের ছত্রছায়ায় বিজেপি কর্মীরা এখন থেকেই হুমকি দিতে শুরু করেছে। সেই চাপ সহ্য করতে না পেরেই মানসিকভাবে ভেঙে পড়ে সুশান্ত এই চরম সিদ্ধান্ত নিয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে শাসক দলের তরফে।

অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দে জানিয়েছেন, হার নিশ্চিত জেনেই তৃণমূল এই মৃত্যুকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।