আজকাল ওয়েবডেস্ক: আবারও বিস্ফোরক অভিযোগ সবংয়ে। সরকারি ক্যানেল সংস্কারকে ঘিরে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে প্রাক্তন সেচমন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক মানস রঞ্জন ভুঁইয়া-র গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামল বিজেপি। 

মঙ্গলবার বিকেলে দেভোগ অঞ্চলের তেমাথানি বাজারে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। তৃণমূলের দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়ে গেরুয়া শিবিরের নেতৃত্বের হুঁশিয়ারি, "দোষীদের গ্রেপ্তার না করা হলে সবং থেকেই শুরু হবে বৃহত্তর আন্দোলন।" 

বিজেপির অভিযোগ, তেমাথানি বাজার থেকে বাড়জীবন পর্যন্ত সরকারি ক্যানেল সংস্কারের সময় ব্যাপক অনিয়ম হয়েছে। ক্যানেলের উপর ক্যালভার্ট নির্মাণের নামে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। 

পাশাপাশি তাদের দাবি, তৎকালীন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের মদতেই এই অর্থ আদায়ের ঘটনা ঘটেছে। এদিন বিক্ষোভ সভা থেকে বিজেপি নেতারা আরও অভিযোগ করেন, তেমাথানি বাজারে মানস ভুঁইয়ার সদ্য নির্মিত বিলাসবহুল নার্সিংহোমের সামনে সরকারি অর্থের অপব্যবহার করে ক্যালভার্ট নির্মাণ করা হয়েছে। 

সাধারণ মানুষের করের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের হাতে ছিল ব্যানার এবং বিভিন্ন স্লোগান। "দুর্নীতির জবাব চাই", "ক্যানেল কেলেঙ্কারির তদন্ত চাই", "মানস ভুঁইয়ার গ্রেপ্তার চাই" এইসব স্লোগানে মুখর হয়ে ওঠে তেমাথানি চত্বর। 

গেরুয়া শিবিরের বক্তব্য, শুধু প্রশাসনিক তদন্ত নয়, গোটা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্প্রতি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সবংয়ে৷