আজকাল ওয়েবডেস্ক: বালি ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর নগদ অর্থ এবং সোনার গয়না। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদবাজার থানার পুলিশ বীরভূমের মহম্মদবাজার ব্লকের রাজ্যধরপুর গ্রামে এক বালি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে যৌথ অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনার গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত লবণ শেখ দীর্ঘদিন ধরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি-সংলগ্ন অফিসে বিপুল পরিমাণ নগদ অর্থ মজুত রয়েছে বলে খবর পেয়ে তল্লাশি চালানো হয়। সেই অভিযানে প্রায় ৪৯ লক্ষ ৭৫ হাজার টাকা নগদ এবং ৫০২ গ্রাম সোনার গয়না উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে সামিম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত লবণ শেখ-সহ আরও দুই অভিযুক্ত বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। কীভাবে এই ব্যবসায়ীর বাড়ি থেকে এত টাকা এবং সোনা উদ্ধার হল সেদিকে খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।















