মিল্টন সেন,হুগলি: বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে পালিত হল 'একটি গাছ মায়ের নামে' বৃক্ষ রোপণ কর্মসূচি। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় কর্মসূচি পালন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এরই পাশাপাশি একাধিক স্কুল পড়ুয়া ও সেচ্ছাসেবী সংগঠনের হাতে গাছ তুলে দেন মন্ত্রীমশাই।
এরপর শ্রীরামপুর থানা চত্বরেও গাছ লাগান তিনি। এদিন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, 'দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এদিন বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হল। পাশাপাশি গাছ বিতরণও করা হল। পাশাপাশি প্রত্যেক বিধায়ককে ১০০০ গাছ লাগাতে বলা হয়েছে।'
তাঁর আরও সংযোজন, 'সারা বছর ধরেই এই অভিযান চলবে। বিভিন্ন জায়গায় গাছ লাগানো হবে। একইসঙ্গে সেই গাছকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। যাতে আগামী দিনের সেই গাছ পরিবেশ রক্ষায় সহায়তা করতে পারে। সেই জন্যই এটিকে মায়ের নামে করা হয়েছে। মাকে সবাই সম্মান করেন।'
তিনি আরও বলেন, 'গাছ কাটলে সেই জায়গায় গাছ লাগাতে হবে। বেআইনি ভাবেই আর কোনও গাছ কাটা যাবে না। সরকারি কোনও কাজে কোনও গাছ কাটা পড়লে, সেখানে পুনরায় নতুন করে গাছ লাগাতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি। এদিন রিষড়া থানাতেও মায়ের নামে গাছ লাগানো কর্মসূচি পালিত হয়।'
ছবি: পার্থ রাহা।















