আজকাল ওয়েবডেস্ক: আগামী শনিবার (১৬ মে, ২০২৬) ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সেখানে প্রশাসনিক বৈঠক  করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত মিলেছে বলে খবর। এছাড়াও, আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হবে। জানা গিয়েছে, সেই উপলক্ষে একটি কর্মী সভাও করতে পারেন শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রে খবর, পুনর্নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখে ১৯ মে ফলতা যেতে পারেন শুভেন্দু অধিকারী। সেখানে রোড শো করতে পারেন তিনি। 

ডায়মন্ড হারবারে প্রশাসানিক বৈঠক করলে তা হবে মুখ্যমন্ত্রী তথা প্রশাসক শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর। এদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। তাঁর খাস তালুক বলেই এই অঞ্চল পরিচিতি পেয়েছে। ফলে প্রশাসক শুভেন্দুর প্রথমবার জেলা সফর বেশ তাৎপর্যবাহী।

ক্ষমতায় এসেই একের পর প্রশানিক পদক্ষেপের নির্দেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই জেলা সাসক ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে শব্দ নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রকাশ্যে পশুবলি বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এছাড়াও, রাজ্য সরকারের নির্দেশ- এবার থেকে স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরাম গান গাওয়া হবে। মঙ্গলবার বিকাশ ভবনের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা শাসকদের। ডিআইরা সমস্ত স্কুলগুলিকে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন ইমেল এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে । বন্দে মাতরম রাষ্ট্রগান হিসেবে পরিচিত। ফলে এবার থেকে প্রার্থনার সময় এই গান শোনা যাবে স্কুলগুলিতে ।