আজকাল ওয়েবডেস্ক: সোমবার ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এদিন আয়ুষ্মান ভারত নিয়ে মউ স্বাক্ষর হবে রাজ্যের সঙ্গে কেন্দ্রের।

নির্বাচনের পর রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হবে।

এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আয়ুষ্মান ভারত চালু করার জন্য দিল্লিতে মউ সই হবে। তারপর কেন্দ্রের তরফে টাকা বরাদ্দ করা হবে রাজ্যের জন্য।

জানা গিয়েছে, মউ স্বাক্ষরের সময় বিজ্ঞান ভবনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রসাদ নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়া, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পঞ্চায়েত ও কৃষিমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গেও বৈঠক করতে পারেন শুভেন্দু।

আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করার আগে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন সকাল দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।

রাতে ন’টার বিমানে কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, সোমবারই দিল্লিতে মউ স্বাক্ষরের পর বাংলার জন্য আয়ুষ্মান ভারতের টাকা বরাদ্দ হতে চলেছে।

রবিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। এদিনই আয়ুষ্মান ভারত নিয়ে বড় ঘোষণা হতে পারে।