আজকাল ওয়েবডেস্ক: এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি! একইসঙ্গে তিনটি গোডাউনে লুটপাট ও প্রায় ৮০ লক্ষ টাকার সামগ্রী লুটের অভিযোগ উঠল। ঘটনাটি বিষ্ণুপুরের হাসপাতাল মোড় এলাকায় ঘটেছে৷ 

ঘটনার জেরে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানায় একটি এফআইয়ার দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমত শোরগোল। 

অভিযোগকারী ব্যবসায়ী সুরিন্দর কুমার কান্তি জানান, পরপর তিনটি গোডাউনে হামলা চালিয়ে লুটপাট করা হয়। এরপর ফোনে ৫ কোটি টাকা তোলা চেয়ে তা না দিলে প্রাণনাশ ও ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়। অভিযোগ, “সিপিএম থেকে আসা চার তারিখের পর বিজেপি নেতৃত্ব”।

বিষ্ণুপুর থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, ঘটনাটি ঘটে ৩০ মে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ। অভিযুক্ত হিসেবে কুলেরদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার দিলীপ মণ্ডল, বাবাই মালিক, প্রদীপ কুলে, অশোক কুলে, সাইকৃষ্ণ দাস, হিতেন কুলে সহ একাধিক জনের নাম রয়েছে। 

এই ঘটনায় বিজেপির ৪ নম্বর মণ্ডলের যুব প্রেসিডেন্ট দাবি করেন, “এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। যদি যোগ দেখাতে পারে তাহলে তিনি নিজেই থানায় সারেন্ডার করবেন। ২০১৮ সাল থেকে একটি জমি নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে মামলা চলছে। সেই কারণেই হয়তো নাম জড়িয়েছে। পোড়া দিলীপ বলে কেউ দলে নেই।”

বিষ্ণুপুরের বিজেপি নেতা সুফল ঘাটু বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। যদি কেউ বিজেপির নাম করে তোলাবাজি, হুমকি, মারধর, লুট করে থাকে তবে পুলিশ পুলিশের কাজ করবে। আমরাও বিষয়টি নিয়ে পার্টির উচ্চতর পদাধিকারীদের সঙ্গে কথা বলব।”

ব্যবসায়ী সুরিন্দর কুমার কান্তির অভিযোগ, তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। বর্তমানে বিষ্ণুপুর থানার তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে।